মোঃ ইউসুফ খান: শ্রমিক অসন্তোষের জেরে জেলার ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে রোববার সকালে কালিয়াকৈরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তাঁদের মহাসড়ক থেকে সরাতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর ও মহানগরের বিভিন্ন শিল্পাঞ্চলে এসব ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার লেভেন্ডা গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ দিতে কারখানায় আসেন। তবে বেতন বৃদ্ধির দাবিতে তাঁরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সকাল পৌনে নয়টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকদের সঙ্গে বাহিনীর সদস্যদের উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক ছেড়ে যান। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ছাড়া সকাল নয়টার দিকে মৌচাক এলাকায় কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।
এদিকে শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও পাঁচটি কারখানায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ রয়েছে। কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে শ্রমিক অসন্তোষের মধ্যে ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনাকে বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কারখানার ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কারখানার ক্ষয়ক্ষতির পাশাপাশি শ্রমিক ও কর্মকর্তারা আহত হয়েছেন। এ পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গাজীপুরের মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী, সফিপুর ও চন্দ্রাসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ চলছে। এর ধারাবাহিকতায় রোববার সকালেও বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা দেখা যায়। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকালে শ্রমিকেরা বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


























