শেখ জাহিদ বিন আজিম :- রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে রেলগেট থেকে রেলস্টেশন রোড, রেলগেট থেকে মেইন বাজার ও কাঁচাবাজারগামী সড়কগুলো দ্রুত সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
প্রতিদিন কয়েক লাখ মানুষ এসব সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, যানবাহন চালকসহ সর্বস্তরের মানুষকে। গুরুত্বপূর্ণ এসব সড়কের এমন অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
এত গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও তার যথাযথ ব্যবহার হচ্ছে কি না, তা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এত উন্নয়ন বাজেটের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, অথচ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না—এমন প্রশ্ন এখন সর্বস্তরের মানুষের।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থ সঠিকভাবে সঠিক খাতে ব্যয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত সড়ক সংস্কারের কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
























