আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। জুয়াইরিয়ার অর্ধশতকে ৬ উইকেটের বড় জয় তুলে নিল বাংলাদেশের প্রমিলারা।
দুর্দান্ত অর্ধশতকে ম্যাচসেরার পুরস্কার উঠে ওপেনার জুয়াইরিয়ার ফেরদৌসের হাতে।
রবিবার (১৪ জুন) বার্মিহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে ১৪০ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার। জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দৃঢ়তায় পাওয়ার প্লেতে তুলে নেয় ৪৭ রান। জুয়াইরিয়া ৩৯ ও দিলারা ১৫ রান করেন।
ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র ৩২ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন জুয়াইরিয়া ফেরদৌস। তবে এর পরের বলেই বাংলাদেশের সহজ জয়ের আশায় প্রথম আঘাত হানেন ডাচ লেগ স্পিনার ক্যারোলিন ডি ল্যাঙ্গে। নিজের করা প্রথম ওভারের ৫ম বলে ক্যাচ আউট করে সাজঘরে ফেরান জুয়াইরিয়া ফেরদৌসকে।
রানের খাতার খুলার আগেই ডি লাঞ্জের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন অধিনায়ক নিগার সুলতানা।
পরপর দুই ইউকেট পড়ে যাওয়ায় কিছুটা ধাক্কা খায় বাংলাদেশে।
প্রাথমিক ধাক্কা সামলে উঠার আগেই ১১ তম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরেন দিলারা। ব্যক্তিগত ২৬ রানে সিল্ভার সিজারসের বলে আউট হন তিনি। পরের ওভারেই রান আউট হন মোস্তারি। দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরেন ডাচরা।
তবে সব ভয়কে ছাপিয়ে শারমিন আক্তার ও সোস্বর্ণা আক্তারের ৩৭ ও ১৮ রানের অসাধারণ ইনিংস বাংলাদেশকে নিয়ে যায় জয়ের বন্দরে। নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নিয়েছেন লেগ স্পিনার ক্যারোলিন ডি ল্যাঙ্গে।
এর আগে টসে হেরে বল করতে নেমে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিং করা নিগার সুলতানা জ্যোতির দল নেদারল্যান্ডসকে আটকে দিয়েছে ৮ উইকেটে ১৩৯ রানে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন পেসার মারুফা আক্তার। একটি করে উইকেট নিয়েছে তৃষ্ণা, মেঘলা, রাবেয়া ও ঋতু মনি।




























