টি.এ.কে আজাদ: দেশে হাম ও এর উপসর্গের প্রকোপ দিন দিন আশঙ্কাজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ১ হাজার ৩৩৪ জনের মধ্যে ৪২ জনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ২৯২ জন হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৩ হাজার ৩৬২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ৯ হাজার ১৩৬ জনের শরীরে রোগটির অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৯ হাজার ১০৬ জন, যাদের মধ্যে ৫৪ হাজার ৮১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত আড়াই মাসে দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৯৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫০৪ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন ৯০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই ভাইরাসের দ্রুত বিস্তার ও মৃত্যুহার নিয়ন্ত্রণে নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি দ্রুত চিকিৎসার ওপর জোর দিতে হবে। কোনো লক্ষণ দেখা দিলেই দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

















