বিশ্বখ্যাত নির্মাতা স্টিভেন স্পিলবার্গের নতুন সিনেমা ‘ডিসক্লোজার ডে’ নিয়ে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রহস্য, বিজ্ঞান কল্পকাহিনি এবং থ্রিলারে ভরপুর এই সিনেমাটি আগামী ১২ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে।
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি প্রদর্শিত হবে।
পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণে কাজ করে স্পিলবার্গ গড়ে তুলেছেন অনন্য এক অবস্থান। তাঁর পরিচালিত সিনেমাগুলোর সম্মিলিত বক্স অফিস আয় ১০ বিলিয়ন ডলারেরও বেশি। পাশাপাশি তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) জিতেছেন।
ফলে তাঁর নতুন কোনো সিনেমার ঘোষণা এলেই দর্শকদের প্রত্যাশা বেড়ে যায়।
সম্প্রতি তিনি ব্যক্তিগত ও আবেগঘন গল্পভিত্তিক সিনেমা নির্মাণে বেশি মনোযোগ দিলেও এবার আবারও ফিরেছেন তাঁর পরিচিত বিজ্ঞান কল্পকাহিনি ও রহস্যের জগতে। ‘ডিসক্লোজার ডে’র কাহিনি পুরোপুরি প্রকাশ না করলেও জানা গেছে, এটি ভিনগ্রহের প্রাণীর পৃথিবীতে আগমন এবং সেই সত্য গোপন রাখার এক বিশাল সরকারি ষড়যন্ত্রকে কেন্দ্র করে নির্মিত।
স্পিলবার্গ এর আগেও ‘ই.টি. দ্য এক্সট্রা টেরেস্ট্রিয়াল’, ‘ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড’ এবং ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এর মতো সিনেমায় অজানা মহাবিশ্বের গল্পকে মানুষের আবেগের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছিলেন।
নতুন ছবিতেও সেই ধারা বজায় রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটিতে এমিলি ব্লান্ট অভিনয় করেছেন এক আবহাওয়া সংবাদকর্মীর চরিত্রে, যার সঙ্গে রহস্যজনকভাবে ভিনগ্রহের আগন্তুকদের যোগাযোগ তৈরি হয়। জশ ও’কনরকে দেখা যাবে এমন এক ব্যক্তির ভূমিকায়, যিনি মানুষের সঙ্গে অন্য জগতের যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে পান। অন্যদিকে কলিন ফার্থ অভিনয় করেছেন ক্ষমতাধর এক প্রশাসনিক কর্মকর্তার চরিত্রে, যিনি যেকোনো মূল্যে সেই সত্য গোপন রাখতে চান।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ, যিনি এর আগে স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন।
ইতোমধ্যেই সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী দেখে অনেক চলচ্চিত্র সাংবাদিক ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের অনেকের মতে, এটি ‘গত ২০ বছরে স্পিলবার্গের সেরা সিনেমা’। ধাওয়া-পাল্টাধাওয়া, রহস্য, আবেগ ও রোমাঞ্চের মিশেলে নির্মিত এই সিনেমায় স্পিলবার্গের পরিচিত নির্মাণশৈলীর ছাপ স্পষ্ট। একই সঙ্গে এমিলি ব্লান্টের অভিনয়ও বিশেষ প্রশংসা কুড়িয়েছে।
নিজের নতুন কাজ নিয়ে স্পিলবার্গ বলেন, ‘আমি বিশ্বাস করি এই মুভিটি যেমন অনেক উত্তর দেবে, তেমনি মানুষকে অনেক অজানাকে নিয়ে প্রশ্ন করতেও বাধ্য করবে।’
সব মিলিয়ে ‘ডিসক্লোজার ডে’ এখন বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি। বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে একই দিনে ছবিটি দেখার সুযোগ পাবেন।




















