শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ীতে নবনির্মিত টাউন হল ‘ডিসি পার্ক’-এর শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
পার্কের উদ্বোধন শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের আধুনিক টাউন হল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে অতিথিরা নবনির্মিত টাউন হলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রাজবাড়ী টাউন হল (চিত্রা সিনেমা হল) এর জায়গা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই পরিত্যক্ত স্থানে পার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই পরিত্যক্ত জায়গায় ডিসি টাউন হল পার্ক নির্মাণ করা হয়।




















