মোঃ জিল্লুর রহমান: চাঁদপুর রেলওয়ে থানার পুলিশ একজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। সোমবার (০৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ২২টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ৭৩০ মেঘনা আন্তনগর ট্রেন চাঁদপুর কোর্ট স্টেশনে পৌঁছালে এ ঘটনা ঘটে।
টিজি ডিউটিতে থাকা এসআই (নিঃ) মোঃ জসিম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ ট্রেনের গেইটে ভিড় সৃষ্টি করে যাত্রী চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে মোঃ রাফিন (১৯) নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময়ে একেক রকম তথ্য প্রদান করেন।
তিনি ট্রেন ভ্রমণের কোনো টিকিটও প্রদর্শন করতে ব্যর্থ হন এবং ভ্রমণসংক্রান্ত সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরবর্তীতে পিসিপিআর যাচাইয়ে জানা যায়, তিনি ঢাকা জেলা ও ডিএমপি এলাকায় একাধিক ছিনতাই ও দস্যুতার মামলার আসামি। এ কারণে তাকে পেশাদার ছিনতাইকারী হিসেবে শনাক্ত করা হয়।ঘটনা সম্পর্কে অবহিত করা হলে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিনা টিকিটে ভ্রমণের দায়ে তার বিরুদ্ধে চাঁদপুর রেলওয়ে থানার নন-এফআইআর প্রসিকিউশন নং–২৬/২০২৫, ধারা রেলওয়ে আইন ১৮৯০-এর ১১৮(২) অনুযায়ী মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে।
গ্রেফতার ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন—
এসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন, চার্জ অফিসার, চাঁদপুর রেলওয়ে থানা।





















