টি.এ.কে আজাদ: চলতি ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২.৫৬ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। গড়ে প্রতিদিন এসেছে ১১ কোটি ১৬ লাখ ডলার। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক-এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২০৭ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৯৯ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ৯০ শতাংশ বেশি।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ। আর ডিসেম্বর মাসে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার যা এক অর্থবছরে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।























