মোঃ জিল্লুর রহমান: জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২৩) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের উত্তর পাশে ১ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ওসি হাবিবুর রহমান।
নিহত আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর পাশে রেললাইনের কাছে অবস্থান করছিলেন আশরাফুল। একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।



























