মোঃ কবির হোসেন: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ছয়জনের তিনজন নিশ্চিত হামে মারা গেছে।
অন্যদের হামের উপসর্গ ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে আজ বুধবার এ তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৮০ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৪০১ জন।
১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন।
এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ১২৮ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৪১ হাজার ১২০ জন।




























