শেখ জাহিদ বিন আজিমঃ- র্যাব-১০ সিপিসি-৩ এর সদস্যরা চুরি মামলার প্রধান আসামী এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. উজ্জল খান (৩৫)কে গ্রেপ্তার করেছে । রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প। গ্রেপ্তার উজ্জ্বল খান রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মো. আদিল উদ্দিন খানের ছেলে।
র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩রা এপ্রিল রাত আনুমানিক সোয়া ৮টার দিকে র্যাব-১০ সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি মামলার প্রধান আসামী এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. উজ্জল খানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ৪৬২/৩৮০ পেনাল কোড ১৮৬০ এর অধীনে দায়েরকৃত চুরি মামলার প্রধান আসামি হিসেবে অভিযোগ রয়েছে। এছাড়াও, রাজবাড়ী সদর থানার জিআর মামলা নং- ২৭৬/২১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক) অনুযায়ী ১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গত ১৫ জানুয়ারী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার সৌরভ মল্লিক(২২) এর দোকানের তালা ভেঙে নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং আনুমানিক ১ লক্ষ টাকার বিভিন্ন মালামাল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. উজ্জল খানকে প্রধান আসামী করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















