মোঃ জিল্লুর রহমান: দেশের রেল খাতের আধুনিকায়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ইন্দোনেশিয়ায় একটি বিশেষ পরিদর্শন সফরে যাচ্ছেন। এই সফরের মূল উদ্দেশ্য অগ্রগতি রেল লোকোমোটিভের পরিচালনা, সার্ভিসিং এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়াগুলো সরেজমিনে পর্যবেক্ষণ করা।
সরকারের অনুমোদিত সফরটি আগামী ১৫ থেকে ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সম্পন্ন হবে। সফরে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মধ্যে আছেন আহমেদ মাহবুব চৌধুরী, অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), হাসান মাহমুদ, যুগ্ম সচিব, মোঃ বুরহান উদ্দিন, যুগ্ম মহাপরিচালক (লোকো) এবং মোঃ বেলাল হোসেন সরকার, প্রধান নিয়ন্ত্রক (স্টোরস)।
রেলওয়ে সূত্র জানিয়েছে, সফরের সময় দলটি ইন্দোনেশিয়ায় ব্যবহৃত আমেরিকান লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিং কার্যক্রমের মান, প্রক্রিয়া এবং অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করবে। সফরের ফলাফলে যদি কাজের মান সন্তোষজনক হয়, ভবিষ্যতে সেই আমেরিকান কোম্পানিকে বাংলাদেশে আনা লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের ও সার্ভিসিং এর দায়িত্ব দেওয়া হবে।
এই সফর রেলওয়ের প্রযুক্তিগত উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব ফাতেমা-তুজ-জোহরা।
বাংলাদেশের রেল খাতের আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের রেল পরিচালনা নিশ্চিত করতে এই সফর একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা ।




















