শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ীতে প্রথম ধাপে পাইলট প্রকল্পের আওতায় ‘ফ্যামিলি কার্ড’ এর টাকা পাচ্ছে ১ হাজার ২০১টি পরিবার। সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর কর্মসূচির উদ্বোধন করবেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (এমপি) ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
পাংশা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রথম ধাপে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চর ঝিকড়ি গ্রামের ১ হাজার ৮২৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। অনলাইনে ডাটা এন্ট্রি দেওয়ার পর ১ হাজার ৪০৪ জন কনফার্ম হয়েছে। বাকিগুলো ত্রুটির কারণে হয়তো বাদ পড়েছে। ঈদের আগে ১ হাজার ৪০৪ জনের মধ্যে ১২০১ জন টাকা পাবে। বাকি ২০৩ জনে কারিগরি জটিলতার কারণে আটকে গেছে। জটিলতা কেটে গেলে তারাও ঈদের আগে টাকা পাবে।




















