শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ীর পাংশা আমলী আদালতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করতে আসায় বাদীকেই কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
মামলাটি দায়েরের পর ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ কালে রাজবাড়ীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের নিকট বাদীর বক্তব্যে অসঙ্গতি ও সন্দেহের সৃষ্টি হয়। এ সময় আদালত বাদীকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করেন।জিজ্ঞাসাবাদে মামলার অভিযোগ সমূহ মিথ্যা ও মনগড়া বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হলে আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।
আইনজ্ঞ মহলের মতে, এই আদেশের মাধ্যমে আদালতে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে একটি কঠোর ও দৃষ্টান্তমূলক বার্তা প্রদান করেছেন, যা বিচার ব্যবস্থার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, বিচারক বিচক্ষণতার সঙ্গে মিথ্যা মামলার বাদীকে শনাক্ত করে কারাগারে দিয়েছেন। এরকম মিথ্যা মামলা দায়েরকারীদের শাস্তি হলে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা হ্রাস পাবে। মানুষ ন্যায্য বিচার পাবে। মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে নিয়মিত মামলা করতে পারে আসামিরা।




















