শেখ জাহিদ বিন আজিমঃ- পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের জন্য প্রথম ১৩টি উপজেলা নির্বাচিত করেছে সরকার। এর মধ্যে রাজবাড়ীর পাংশাও রয়েছে। এমনটি জানিয়েছেন রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
ফ্যামিলি কার্ড বিতরণের জন্য নির্বাচিত প্রথম ১৩টি স্থান হলো: ঢাকার কড়াইল বস্তি এলাকা, রাজবাড়ীর পাংশা উপজেলার ৪ বা ৫নং ওয়ার্ড, চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪নং ওয়ার্ড, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১ বা ২নং ওয়ার্ড, বান্দরবানের লামা উপজেলার ২ বা ৩নং ওয়ার্ড, খুলনার খালিশপুর উপজেলার ১০নং ওয়ার্ড, ভোলার চর ফ্যাশন উপজেলার ১ বা ৪নং ওয়ার্ড, সুনামগঞ্জের দিরাই উপজেলার ৫ বা ৬নং ওয়ার্ড, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ২ বা ৮নং ওয়ার্ড, নাটোরের লালপুর উপজেলার ১নং ওয়ার্ড, ঠাকুরগাঁও সদর উপজেলার ১ বা ২নং ওয়ার্ড এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং ওয়ার্ড।
জানা গেছে, পাইলট উদ্যোগের আওতায় আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সুবিধাভোগীরা প্রথম মাসের জন্য সরাসরি তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে নগদ ২,৫০০ টাকা সহায়তা পাবেন। প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি ওয়ার্ডের ৬ হাজার ৫০০ পরিবার কিউআর কোড সংবলিত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড পাবেন।



















