মোঃ জিল্লুর রহমান: ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) অফিসের সিসিটিভি মনিটর দীর্ঘদিন ধরে অচল থাকায় স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যাহত হচ্ছে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করেন এবং নিয়মিত ভিআইপি–ভিভিআইপি চলাচলও হয়ে থাকে। এমন গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি মনিটরিং বন্ধ থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্টেশনজুড়ে স্থাপিত ৩২টি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য স্টেশন মাস্টার কক্ষের পাশাপাশি আরএনবি অফিসে একটি মনিটর স্থাপন করা হয়েছিল। তবে আরএনবি অফিসের মনিটরটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে একটি ছোট বিকল্প মনিটরের সাহায্যে ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেটিও গত দুই মাস ধরে সম্পূর্ণভাবে অচল। ফলে এখন সিসিটিভি ফুটেজ দেখার কোনো সুযোগই নেই।এ অবস্থায় হকার, টোকাই ও ভিক্ষুকদের অবাধ প্রবেশ রোধ করা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে দায়িত্বরত আরএনবি সদস্যদের ডিউটি তদারকি, যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চিহ্নিতকরণ ও অপরাধী শনাক্ত করাও ব্যাহত হচ্ছে। নিরাপত্তা কর্মকর্তারা মনে করছেন, মনিটর সচল থাকলে স্টেশন এলাকায় নজরদারি আরও শক্তিশালী করা সম্ভব হতো।
মনিটর পুনঃস্থাপনের বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলে তারা জানায়, বর্তমানে অতিরিক্ত মনিটর নেই; নতুন মনিটর পাওয়া গেলে সরবরাহ করা হবে।
আরএনবি, ঢাকা বিমানবন্দর সার্কেলের ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন ভূঁইয়া বলেন,
“৬ মাস মনিটরিং ভালোভাবেই চলছিল। পরে হঠাৎ করে অ্যাক্সেস বন্ধ হয়ে যায়। এখন সম্পূর্ণভাবে মনিটরিং বন্ধ। অথচ সিসিটিভি মনিটরিং চালু থাকলে স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করা সম্ভব।”তিনি জরুরি ভিত্তিতে আরএনবি অফিসে সিসিটিভি মনিটর পুনঃস্থাপন বা অ্যাক্সেস পুনরায় চালুর দাবি জানান।



















