শেখ জাহিদ বিন আজিমঃ- হেমন্তকাল মানেই কৃষকের মুখে হাসি আর মাঠের পর মাঠ জুরে শুধু পাকা ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ততা। এই ধান শুধু কৃষকের অন্ন নয় বরং ঘুরিয়ে দেয় এক মৌসুমের অর্থনৈতির চাকা। হেমন্তের এই সময়টাতে প্রাণ ফিরে পায় রাজবাড়ী জেলার কৃষকেরা। কৃষি বিভাগের হিসেব বলছে চলতি মৌসুমে রাজবাড়ীতে প্রায় ৭৭৬ কোটি টাকার আমান ধানের বাণিজ্য হবে।
চলতি মৌসুমে রাজবাড়ীর ৫ উপজেলায় এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলাজুড়ে রোপা ও বোনা আমন আবাদ হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। ২০২৫-২৬ অর্থ বছরে রাজবাড়ী জেলায় ৫২ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। চলতি বছর আবহাওয়া অনূকূলে থাকায় প্রতি হেক্টর জমিতে প্রায় ৫ মেট্রিক টন ধানের উৎপাদন পেয়েছেন কৃষকেরা। প্রতিমণ ধান বাজারে ১২শ টাকায় বিক্রি হচ্ছে। তবে কৃষকদের দাবি, ধানের দাম বাড়লে উৎপাদন খরচ বাদে কিছুটা লাভের মুখ দেখবেন তারা।



















