শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ভালো একটা ফ্রি-ফেয়ার নির্বাচন বাংলাদেশে এই মুহূর্তে সময়ের দাবি।
রাজবাড়ী পৌরসভার কমিউনিটি সেন্টারে শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কখনোই চায় না বাংলাদেশ সুষ্ঠু, সুন্দর, গণতান্ত্রিক ধারায় চলুক, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে বিরাজ করুক। ১৯৪১ সালের পর থেকেই ভারতের একটা প্রবণতাই হচ্ছে, এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে কিভাবে তার নিয়ন্ত্রণে রাখা যায়। আর এই নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ভারত আওয়ামী লীগকে বেছে নিয়েছে উত্তম বন্ধু হিসেবে। আপনারা দেখেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ভারত এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা করেনি।
তিনি বলেন, ৭ নভেম্বর একটি ঐতিহাসিক দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে বিপ্লব হয়েছিল, তা আমাদের অনুপ্রেরণার উৎস। জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সেই চেতনায় এগিয়ে যেতে হবে।
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক অ্যাড. কাজী আব্দুল বারী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জেলা বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















