শেখ জাহিদ বিন আজিমঃ- রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে পদ্মা নদীর সদর, গোয়ালন্দ কালুখালী ও পাংশা পয়েন্টে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৯৯ হাজার মিটার কারেন্ট জাল ও ৮৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ১৪ জন জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে রাজবাড়ী, গোয়ালন্দ কালুখালী ও পাংশায় উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ১০টি অভিযানে ৪টি মোবাইল কোর্ট করা হয় এবং ১৪টি মামলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযানকালীন ১ লাখ ৯৯ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দকৃত ৮৬ কেজি ইলিশ মাদরাসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।



















