মোঃ জিল্লুর রহমান: যশোর সদর উপজেলার ঐতিহ্যবাহী রূপদিয়া রেলস্টেশনকে ঘিরে এলাকাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার দিন যেন অবশেষে শেষ হতে চলেছে। বহু বছর ধরে আধুনিক অবকাঠামো নির্মাণ ও দৃষ্টিনন্দন ভবনে রূপান্তরিত হলেও কোনো আন্তনগর কিংবা দীর্ঘপথের ট্রেন এখানে যাত্রাবিরতি না দেওয়ায় স্থানীয়দের হতাশা বাড়ছিল।
এ অবস্থায় রূপদিয়া বাজার বণিক সমিতি এবং সচেতন এলাকাবাসী একাধিক মানববন্ধন, সারকলিপি প্রদান ও আন্দোলনের মাধ্যমে স্টেশনটিকে আবারও সক্রিয় করার দাবিতে সোচ্চার হন। তাদের দৃঢ় অবস্থান ও নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়ে অবশেষে সাড়া দিয়েছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে রাজশাহী জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে সহকারী চীফ অপারেটিং সুপারিনটেডেন্ট পি/পশ্চিম মোঃ আব্দুল আওয়াল স্বাক্ষরিত দপ্তারাদেশে ২৩/২৪ নং রকেট মেইল ও ৯৫/৯৬ নং মোংলা কমিউটার ট্রেন আগামী ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন রূপদিয়া স্টেশনে দুই মিনিট করে যাত্রাবিরতি করবে।এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক স্বস্তি ও আনন্দ। রূপদিয়াবাসীর প্রত্যাশা, এটি হবে আরও বড়ো সম্ভাবনার সূচনা। রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে ভবিষ্যতে ঢাকাগামী আন্তনগর ট্রেনেরও যাত্রাবিরতি দেওয়া হতে পারে।
নতুন বছরের শুরুতেই এই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা। রূপদিয়া স্টেশনে ট্রেন থামার সিদ্ধান্ত শুধু যাতায়াত ব্যবস্থায় গতি আনবে না, বরং এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্যসেবাসহ সামগ্রিক উন্নয়নেও নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন সাধারণ মানুষ। এলাকাবাসীর ভাষ্য দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে সত্য হতে চলেছে। রূপদিয়া স্টেশন আবারও প্রাণ ফিরে পাবে।



















