মোঃ জিল্লুর রহমান: আজ সকালেই ঢাকা থেকে জয়দেবপুর রেল স্টেশন পরিদর্শনে যান মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন। তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্টেশনের পরিবেশ, যাত্রীসুবিধা, অবকাঠামো উন্নয়ন এবং চলমান সমস্যাগুলো পর্যবেক্ষণে এই গুরুত্বপূর্ণ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
পরিদর্শনকালীন সময়ে যাত্রীকল্যাণ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন গাজীপুর পৌর বিএনপির সভাপতি ও গাজীপুর ল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হকসহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা। দাবিগুলো হলো—
১) জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম লম্বাকরণ
২) শিববাড়ী থেকে স্টেশনের দক্ষিণ পাশ পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ
৩) তুরাগ কমিউটার ট্রেন বেসরকারিকরণ বন্ধের দাবি
এ সময় তুরাগ ট্রেন বেসরকারিকরণ নিয়ে দাবি তুললে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম প্রশ্ন রাখেন—
“তুরাগ বেসরকারিকরণ করলে যাত্রীদের সমস্যা কী? ভাড়া দিয়ে টিকিট কেটেই তো উঠতে হবে।”সচিবের এই সরাসরি ও বুদ্ধিদীপ্ত প্রশ্নের জবাবে দাবিদাতারা কোনো যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করতে পারেননি বলে জানা যায়। ফলে উপস্থিত সবার মধ্যেই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার সৃষ্টি হয়।
পরিদর্শনের শেষাংশে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন জানান—
“নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের পর যাত্রী ও সাধারণ মানুষের সর্বোচ্চ কল্যাণে যে সিদ্ধান্ত বাস্তবসম্মত প্রতীয়মান হবে, সরকার সেটাই বাস্তবায়ন করবে।”
তিনি আরও জানান, যাত্রীসুবিধা বাড়াতে সরকার আন্তরিক এবং প্রতিটি দাবিই বাস্তবতা, গুরুত্ব ও উপযোগিতা বিবেচনা করে মূল্যায়ন করা হবে।জয়দেবপুর স্টেশনে এই উচ্চপর্যায়ের পরিদর্শনকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। যাত্রীদের দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, প্ল্যাটফর্মের সংকট এবং যাতায়াত দুর্ভোগ কমাতে এই উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।



















