খুলনা মহানগরীর মুজগুন্নি আবাসিক এলাকায় পুলিশ কনস্টেবলের বাসায় গ্যাস সিলিন্ডারের আগুনে পুলিশ সদস্যসহ তার পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে মুজগুন্নি আবাসিক এলাকার ১৩ নম্বর রোডের ১৬০ নম্বর বাড়ির তৃতীয় তলার বাসায় এ দুর্ঘটনা ঘটে। আতিয়ার কেএমপির বিশেষ শাখার এডিসি শেখ মানিরুজ্জামান মিঠুর গাড়ি চালাত।খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন বলেন, সকাল পৌনে ৭টার দিকে পুলিশ কনস্টেবল মো. আতিয়ার রহমানের স্ত্রী রান্না ঘরে গ্যাসের চুলা ধরাতে যায়। এ সময় মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে যায়। এ অবস্থায় ঘরে থাকা আতিয়ার, স্ত্রী ও ছেলে এবং ভায়রার ছেলে দগ্ধ হন। এ সময় গ্যাসের চাপে রুমের জানালা ও দরজা বাস্ট হয়ে বাইরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে এবং দগ্ধদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।খালিশপুর থানার এসআই আলিমুজ্জামান বলেন, আগুনে আতিয়ারের স্ত্রী আনোয়ারা বেগমের (৩২) শরীরের ৭০ ভাগ, ছেলে মো. তৌফিক (১৬) ও ভায়রার ছেলে মো. তামিমের (১৮) শরীরের প্রায় ৬০ ভাগ দগ্ধ হয়েছে। পুলিশ সদস্য আতিয়ার রহমানের (৪৪) ক্ষতি কিছুটা কম হয়েছে।খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা তারেক হাসান ভুইয়া বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সদস্যরা এনামুল হকের বাড়ির তয় তলায় থাকা পুলিশ সদস্য আতিয়ারের রান্না ঘর থেকে একটি লিকেজ গ্যাস সিলিন্ডার উদ্ধার করে।





















