ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার বেলা ১১টায় শিমুলিয়া-কাওড়াকান্দি এবং রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১টা থেকে এ দুটি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ।সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহনবোঝাই চারটি ফেরি ও কাওড়াকান্দি ঘাটে তিনটি ফেরি আটকা পড়ে। এ ছাড়া কাওড়াকান্দি ও শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরি মাঝ-নদীতে নোঙর করে রাখা হয়েছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল।
অপরদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে নৌচলাচলও একই সময় বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সকাল ১১টার টার দিকে ফেরি চলাচল শুরু হয়।নৌযান চলাচল বন্ধ থাকায় দুই পাড়ে আটকা পড়ে কয়েক শ’ গাড়ি। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।বিআইডাব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, রাত ১টা থেকে ঘনকুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার বেলা ১১টায় পুনরায় শুরু হয়।



















